২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশাদ্রব্যে সবাই অচেতন, তারপর চুরি

খাবারে নেশাদ্রব্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক ইতালি প্রবাসীর পরিবারের সদস্যদের অচেতন করে মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

বরিশাল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারে নেশাদ্রব্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক ইতালি প্রবাসীর পরিবারের সদস্যদের অচেতন করে মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে গৈলা ইউনিয়নের বাঁশপট্টি গ্রামে ইতালি প্রবাসী বাদল সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। অসুস্থ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাদলের বড় ভাই বাবুল সরদার সাংবাদিকদের জানান, শনিবার রাত ১০টার দিকে তারা সবাই খেয়ে শুয়ে পড়েন। রাতের কোনো এক সময় বাদলের শয়ন কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখেরও বেশি টাকা এবং ইতালি যাওয়ার কাগজপত্র নিয়ে যায়। প্রতিবেশীর বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী জানান, রোববার ভোরে প্রতিবেশীরা ডাকাডাকি করেও পরিবারের কারো সাড়া না পেয়ে এবং জানালার গ্রিল কাটা দেখে ভেতরে ঢুকে সবাইকে অচেতন দেখতে পান। পরে অচেতন অবস্থায় বাবুল সরদার, তার দুই ছেলে সোহাগ ও সজল, মেয়ে মিথিলা, ভাই বাদল সরদার ও গৃহকর্মী লতাসহ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতের খাবারে নেশাজাতীয় কোনোকিছু দিয়ে পরিবারের সবাইকে অচেতন করা হয়েছে। ওসি আরো জানান, কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে বাদল সরদারের স্ত্রী মিতু বেগম বাবার বাড়ি চলে গেছেন। এর সঙ্গে বাদলের ইতালি যাওয়ার কাগজপত্র চুরির কোনো সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, বলেন পুলিশ কর্মকর্তা। কয়েকমাস আগে বাদল সরদার সপরিবারে ইতালি থেকে এসেছেন বলে পরিবারের সদস্যরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.