২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমেলাকে নির্যাতনের মামলার তদন্তে ডিবি

শিশু গৃহকর্মী রোমেলাকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতির বিরুদ্ধে করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু গৃহকর্মী রোমেলাকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতির বিরুদ্ধে করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। রোববার চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুর এ আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিজন বড়–য়াকে এ ঘটনা তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিনা বলেন, মামলা গ্রহণের পর শনিবার রাতে শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয় এবং তার ছুটিও বাতিল করা হয়। একইসঙ্গে শাহেদের স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা পাবনার সাঁথিয়া এবং তার বাপের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার মিনা বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তাকেও গ্রেপ্তার করা হবে। মামলার তদন্ত সম্পর্কে তিনি জানান, ইতোমধ্যে রোমেলার বক্তব্য রেকর্ডের জন্য তদন্ত কর্মকর্তা পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রোমেলাকে নির্যাতনের অভিযোগে তার বাবা রিয়াজুদ্দিনের দায়ের করা মামলাটি শনিবার গ্রহণ করে সীতাকুণ্ড থানা। এর আগে তিনি পাবনার সাঁথিয়া থানায় মামলা করতে গেলে তা না নেওয়ায় ওই থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়। রোমেলার বাবা রিয়াজুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই শাহেদের বাড়িও একই এলাকায়। নয় মাস আগে সীতাকুণ্ডে শাহেদের বাসায় কাজ শুরু করে রোমেলা। শুরু থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো শাহেদ ও তার স্ত্রী। এক সপ্তাহ আগে গরম খুন্তির ছ্যাঁকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে রোমেলা। এরপর অভিভাবকদের ডেকে এনে অসুস্থ রোমেলাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন শাহেদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোমেলাকে গত বুধবার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এমআই/১৩০৬ ঘ.