২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকসভায় লোকমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের মৃত্যুতে আয়োজিত শোকসভায় এলাকাবাসী অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

নরসিংদী, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের মৃত্যুতে আয়োজিত শোকসভায় এলাকাবাসী অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় পৌরবাসীর ব্যানারে শহরের ঈদগা মাঠে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন নিহত হন। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। হত্যাকাণ্ডের ১২দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঈদগা মাঠের শোকসভায় ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু বলেন, "জাল বিছিয়েছি। হত্যার সঙ্গে জড়িত রুই-কাতলাসহ সবই ধরা পড়বে। "আমি লোকমানের পরিবারকে হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছি। ন্যায় বিচার নিশ্চিত করে ঘরে ফিরব। ওয়াদার বরখেলাপ কখনোই করবো না।" লোকমান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত এই সাংসদ নরসিংদী ছেড়ে না যাওয়ারও অঙ্গীকার করেন। গত ৩ নভেম্বর জেলার তিন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জানিয়ে হিরু বলেন, "প্রধানমন্ত্রীর কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। "প্রধানমন্ত্রী বলেছেন- সন্ত্রাসী যে দলেরই হোক না কেন কোনো আপোস নেই। খুনীদের বের করে শাস্তি দেওয়া হবে।" জেলা জাতীয় পার্টি সভাপতি শফিকুল ইসলাম বলেন, "এজাহারে যাদের নাম আছে তারাই হত্যাকারী। কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা অপেক্ষা করছি। আসামিরা গ্রেপ্তার না হলে সবাই রাজপথে বেরিয়ে আসবে।" তিনি জেলাবাসীকে লোকমান হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান। সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, মোবারক হোসেন ভূইয়া, জোবায়ের হোসেন জুয়েল, আলমগীর হোসেন ভূঁইয়া, বাহাউদ্দিন আহমেদ, ওয়ালিউর রহমান আজিম, নূরে আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। এছাড়া শহরের শালিদা এলাকায় পৌরবাসীর পক্ষে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৫৫ ঘ.