চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া বৃদ্ধি, চট্টগ্রামে স্থায়ী টার্মিনাল নির্মাণসহ ১১ দফা দাবিতে ২০ নভেম্বর থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম জেলা ট্যাংক-লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
শনিবার সন্ধ্যায় নগরীর দেওয়ানহাটে সংগঠনের কার্যালয়ে এক সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক আহাম্মদ নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেলের দাম বাড়লেও ট্যাংক-লরির ভাড়া বাড়ানো হয়নি। এছাড়া চট্টগ্রামে জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির জন্য স্থায়ী কোনো টার্মিনাল না থাকায় মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়া চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ে মহাসড়কে পুলিশ কর্তৃক ট্যাংক-লরি শ্রমিকদের হয়রানিসহ ১১ দফা দাবিতে ২০ নভেম্বর থেকে চট্টগ্রামে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে পরিষদের যুগ্ম আহ্বায়ক রবিউল মাওলা, সদস্য সচিব হাসান মুরাদ, সদস্য আহমেদ রহিম, মাহাবুব আলম উপস্থিত ছিলেন।
ট্যাংক-লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনকৃত ট্যাংক-লরিগুলোকে প্রতিদিন ভাড়া দেওয়া, প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাংক-লরিতে তেল বোঝাই করা, দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ডিপোগুলোতে পৌঁছার ১ ঘণ্টার মধ্যে জ্বালানি তেল খালাস করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১২২ ঘ.
bdnews24