চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর এলাকায় বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী মারা গেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হবার পর রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাসলিমা আক্তার (২৫) মারা যান।
তার স্বামী মোশতাক আহমেদ আহত হয়েছেন। তারা নগরীর বিশ্ব কলোনী এলাকার বাসিন্দা।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮ টার দিকে নেভাল বিচ থেকে মোটর সাইকেলে ফিরছিলেন মোশতাক আহমেদ ও তার স্ত্রী তাসলিমা। এ সময় বিমানবন্দর সড়কের বন্দর অফিসার্স কলোনি সংলগ্ন অংশে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার টহল পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
এসআই জাকির জানান, আহত মোশতাক জানিয়েছেন, একটি বাস তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা বলছেন, মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় একটি লরি।
রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাসলিমা মারা যান। মোশতাকের একটি হাত দুর্ঘটনায় ভেঙ্গে গেছে।
পুলিশ জানিয়েছে, নিহত তাসলিমা যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২১ অক্টোবর তাসলিমা দেশে আসেন।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১৯৫৬ ঘ.
bdnews24