খুলনা/বাগেরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলা এলাকায় সুন্দরবনে যৌথ বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই বনদস্যু নিহত হয়েছে বলে দাবি করেছে কোস্টগার্ড।
শনিবার সকালে উপজেলার নিশানখালি এলাকায় কোস্টগার্ড ও র্যাব এই অভিযানে অংশ নেয়।
দুপুরে ঘটনাস্থল থেকে মান্নান (৩৮) ও মাসুদ (৪০) নামের দুইজনের লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মংলা কোস্টগার্ডের ল্যান্স কর্পোরাল শহীদুল ইসলাম।
তিনি তাদের রাজু বাহিনীর সদস্য বলে দাবি করলেও বিস্তারিত তথ্য দিতে পারেননি।
শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড ও র্যাব-৮ এর সদস্যরা নিশানখালি এলাকায় অভিযান শুরু করে।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে রাজু বাহিনীর সদস্যরা তাদের প্রতি গুলি শুরু করে। এসময় যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের মধ্যে কয়েকশ' রাউন্ড গুলি বিনিমিয় হয়। গোলাগুলি শেষে দুপুরের দিকে মান্নান ও মাসুদের লাশ উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি একনলা বিদেশি বন্দুক, একটি কাটা রাইফেল, ছয়টি শটগান, পয়েন্ট ট-ুটু বোরের দুটি রাইফেল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর লেফটেন্যান্ট সরফরাজ দুইজন নিহতের খবর নিশ্চিত করেছেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) জহির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তাদের নাম তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪০ ঘ.
bdnews24