ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত শেষ হওয়ার আগে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন আইন, বিচার এবং সংসদ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। অন্যদেরও একই পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, "তদন্ত চলাকালে আমার সহকর্মী ও বন্ধুসহ আরো অনেকেই নানা কথা বলছেন। কে সম্পৃক্ত, আর কে নয়, সে সম্পর্কে আগেই মন্তব্য করা হচ্ছে। এ ধরনের মন্তব্য অবাধ এবং সুষ্ঠু তদন্ত কাজকে প্রভাবিত করে।"
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন। ওই রাতেই পুলিশ ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে।
লোকমান নিহত হওয়ার পরপরই বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা নরসিংদী সার্কিট হাউজ ও রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাংচুর করে। পরদিন একটি ট্রেনেও আগুন দেওয়া হয়।
আদালত পরে খোকনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিলেও ভাংচুর ও ট্রেনে আগুন দেওয়ার দুটি মামলায় গ্রেপ্তার দেখায়।
বিএনপি এ ঘটনাকে আওয়ামী লীগের দলীয় কোন্দল বলে দাবি করে আসছে। তাদের অভিযোগ, মূল ঘটনা আড়াল করতেই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদীর ছাত্রলীগ নেতারাও অভিযোগ করেছেন, লোকমান হত্যাকাণ্ডে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর মদদ রয়েছে।
লোকমান হত্যার ঘটনায় টেলিযোগাযোগ মন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে দায়ের মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপেক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, "তদন্ত হোক, দোষীরা ধরা পড়–ক। কে হত্যা করেছে বা করে নাই, সেদিকে এখনই কারো ইঙ্গিত করা উচিত হবে না। কারণ, প্রতিবেদন প্রকাশের আগে কোনো কথা বলার অর্থই হচ্ছে তদন্ত কাজে হস্তক্ষেপ করা।"
লোকমান হত্যাকাণ্ডকে 'অনভিপ্রেত, অনাকাঙ্খিত ও মর্মান্তিক' উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, "এ ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। দেশবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/জেকে/১৬৩৯ ঘ.
bdnews24