২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনে সেন্ট্রাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে 'রানওয়ে'

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সর্বশেষ ছবি 'রানওয়ে' প্রদর্শনের মাধ্যমে শুরু হলো ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র সংসদ সিনে সেন্ট্রালের রজত জয়ন্তী উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের সর্বশেষ ছবি 'রানওয়ে' প্রদর্শনের মাধ্যমে শুরু হলো ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র সংসদ সিনে সেন্ট্রালের রজত জয়ন্তী উৎসব। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, শুক্রবার সন্ধ্যায় কলকাতায় 'ইন্টারন্যাশনাল ফোরাম অব নিউ সিনেমা' শিরোনামে সাত দিনব্যাপী এ উৎসবের শুরু হয়। কলকাতার মেট্রো সিনেমা হলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের 'রানওয়ে' নির্মাণের গল্প শোনান তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ। তিনি বলেন, "তারেক আমার সঙ্গে নেই। তবে আমার ভাবতে ইচ্ছা করে, আজ এই প্রদর্শনীতে আমাদের সঙ্গে তারেকও আছে। "সিনেমা বানানোই ছিল ওর জীবন। ওর স্বপ্নও ছিল সিনেমা। আমার মনে হয়, সিনেমা বানানোর জন্যই সে মারা গেলো," বলেন ক্যাথরিন। তিনি জানান, ভারতে এটিই রানওয়ের প্রথম প্রদর্শনী। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কীভাবে জঙ্গি সংগঠনগুলো সমাজের সুবিধাবঞ্চিতদের ব্যবহার করছে সে চিত্র 'রানওয়ে' চলচ্চিত্রে তুলে ধরেছেন তারেক মাসুদ। কাগজের ফুল নামে একটি নতুন চলচ্চিত্রের লোকেশন দেখে মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে গত ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন এই চলচ্চিত্রকার। ওই দুর্ঘটনায় মারা যান এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরও। ক্যাথরিন নিজেও আহত হন ওই দুর্ঘটনায়। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের গভর্নর এমকে নারায়ণ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মৃণাল সেন ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএন/কিউএইচ/জেকে/১৪২৫ ঘ.