চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মুরাদপুরে পুলিশের ওপর হামলার অভিযোগসহ দুটি মামলায় মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতিসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি মো. রফিক জানান, শুক্রবার জুমার নামাজের পর ধনিয়ালা পাড়ায় বায়তুশশরফ মাদ্রাসার সামনে থেকে মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
"ডবলমুরিং ও পাঁচলাইশ থানার দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে", বলেন তিনি।
গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের মুরাদপুরে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আবদুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হন।
ওই ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. রফিক জানান, দেলোয়ার ও ইসমাইলকে এ মামলার পাশাপাশি ডবলমুরিং থানা পুলিশের ওপর হামলার আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/জেকে/১৭২৬ ঘ.
bdnews24