রংপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন।
কাউনিয়া থানার ওসি মজিবর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মীরবাগ বিজলের ঘণ্টি এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী বাসটি দুর্ঘটনায় পড়ে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, এস কে লাইন নামের একটি পরিবহন সংস্থার বাসটি রংপুর-কুড়িগ্রাম সড়কের বিজলের ঘণ্টি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয় বলে ওসি জানান।
তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি।
হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের অভিযোগ, বাসের ছাদের ওপরেও লোক তোলা হয়েছিল। আর চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। বারবার নিষেধ করার পরও তিনি তা কানে তোলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩০ ঘ.
bdnews24