২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়ার সঙ্গে দেখা করলেন পুতুল

নয়া দিল্লিতে অটিজম বিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের ক্ষমতাসীন জোটপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী-তনয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

নয়া দিল্লি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। নয়া দিল্লিতে সোনিয়ার বাসভবনে বৃহস্পতিবার এ সাক্ষাতে তাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন পুতুল। নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভারতের ক্ষমতাসীন ইউনাইটেড প্রোগেসিভ অ্যালায়েন্সের প্রধান সোনিয়ার একটি অস্ত্রোপচার হয় গত ৫ অগাস্ট। সেসময় বিভিন্ন দেশের নেতাদের মধ্যে হাসিনাই প্রথম বার্তা দেন সোনিয়ার দ্রুত আরোগ্য কামনা করে। কী অসুস্থতার কারণে সোনিয়ার অস্ত্রোপচার হয় তা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। কংগ্রেসের বিভিন্ন সূত্র জানায়, অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার বিষয়ক একটি কর্মশালায় যোগ দিতে নয়া দিল্লি আসা পুতুল দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গঠন নিয়ে কংগ্রেসপ্রধানের সঙ্গে কথা বলেন। গত জুলাইয়ে অটিজম বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে সোনিয়া ঢাকায় গেলে এ নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক পর্ষদের চেয়ারপার্সন পুতুল। জ্বরাক্রান্ত হওয়ায় সোনিয়া বুধবার উত্তর প্রদেশে শোভাযাত্রায় যোগ দিতে না পারলেও বৃহস্পতিবার পুতুলকে তার বাসায় স্বাগত জানান। নয়া দিল্লির কর্মশালায় এক আলোচনায় অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারকে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশের জনস্বাস্থ্যের মূল সমস্যা চিহ্নিত করেন পুতুল। এক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করার এবং সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার যথাযথভাবে সামাল দিতে সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতাও প্রয়োজন। কর্মশালায় বাংলাদেশে অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারের চিত্র তুলে ধরে একে মোকাবেলায় সরকারি-বেসরকারি উদ্যোগ সংক্ষেপে তুলে ধরেন সায়মা ওয়াজেদ পুতুল। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৫৬ ঘ.