গাইবান্ধা, ১০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-নছিমন মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত ও নয় জন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বামনগাড়া গ্রামের আরিফুল ইসলাম (২৮), একই উপজেলার কিষাণপুর মরিচা গ্রামের শাহিনা আকতার (১০) ও মোমেনা বেগম (৪০)। তারা সবাই ইঞ্জিনচালিত বাহন নসিমনের আরোহী ছিলেন।
আহত নয় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি দেলোয়ার হোসেন জানান, রংপুর থেকে পলাশবাড়ী যাওয়ার পথে যাত্রীবাহী নছিমনটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে আরিফুল ও শাহিনা আকতার মারা যান। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মোমেনা বেগম মারা যান।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৪৩৯ ঘ.
bdnews24