গাজীপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ চারজন।
ঢাকা-ময়মনসিংহ সড়কের টেক নগরপাড়া এলাকায় বুধবার রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে এক দম্পতি নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের শিশু সন্তানসহ আরো তিনজন আহত হয়।
নিহত নাহিদ রুকসানা লোপা (৩২) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার স্বামী মনোয়ার হোসেন বিপ্লব (৩৮) পেশায় প্রকৌশলী।
তাদের চার বছরের ছেলে নুহাদ এবং গাড়ির চালক মুরাদ (৪০) ও গৃহকর্মী কাকনকে (১২) আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত মুরাদকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সালাম সরকার।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী প্রাইভেট কারটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হলে লোপা ও বিপ্লব ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, "দুর্ঘটনার সময় চালককে পেছনে বসিয়ে বিপ্লব নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির পিছনের সিটে থাকা নুহাদ, কাকন ও মুরাদও দুর্ঘটনায় আহত হয়েছে।"
এদিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বুধবার রাত ১টার দিকে মুরগি বোঝাই একটি পিক-আপের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো একজন।
নিহতরা হলেন পিক-আপ চালক আবুল কালাম (২৫) এবং ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার মুরগির দোকান 'মা চিকেন হাউসের মালিক মোশারফ হোসেন (৫৫)।
দুর্ঘটনায় ওই দোকানের কর্মচারী মনির হোসেনও (১৪) আহত হন। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোশারফের চাচাতো ভাই কাজী আলতাফ হোসেন বলেন, "সংঘর্ষের পরে ঘটনাস্থলেই মারা যান কালাম। হাসপাতালে নেওয়ার পথে মোশারফও মারা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২০১ ঘ.
bdnews24