২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে 'বিষাক্ত মদে' দুজনের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় ঈদের রাতে 'বিষাক্ত মদ' পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 07:00 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

রাজবাড়ী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় ঈদের রাতে 'বিষাক্ত মদ' পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো চারজন।

রাজবাড়ী থানার ওসি হায়দার আলী জানান, সদর উপজেলার সূর্যনগর এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত শিপু মোল্লা (২৩) এবং সিদ্দিক মিজি (২৫) সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের বাসিন্দা।

একই গ্রামের বাসিন্দা রিমন মোল্লা (২৬), সেতু মণ্ডল (২৫), জাহিদ মণ্ডল (২৪) এবং নয়ন মোল্লা (১৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিদ্দিকের ভাই টুকু মোল্লা জানান, ঈদের আগের রাতে সূর্যনগর বাজারের মাঠে বসে বন্ধুদের সঙ্গে নেশা করে রাতে বাড়ি ফেরেন সিদ্দিক। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঈদের দিন সোমবার বিকেলে সিদ্দিকসহ ছয়জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান সিদ্দিক। আর ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে শিপুও মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার দাস বলেন, মদের বিষক্রিয়ার কারণেই সিদ্দিক ও শিপুর মৃত্যু হয়েছে। অসুস্থ রিমন, সেতু, জাহিদ ও নয়নকে মঙ্গলবার সকালে রাজবাড়ী থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২৫৭ ঘ.