২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মশুদ্ধির প্রার্থনা চট্টগ্রামের ঈদ জামাতে

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নিজের ভেতরের কলুষতা দূর করার প্রত্যয়ে চট্টগ্রামে ঈদুল আজহা উদযাপন করছে বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নিজের ভেতরের কলুষতা দূর করার প্রত্যয়ে চট্টগ্রামে ঈদুল আজহা উদযাপন করছে বাসিন্দারা। সোমবার সকালে ঈদের নামাজের পর পশু কোরবানির মধ্যদিয়ে ত্যাগের এ উৎসব শুরু হয়। ঈদ জামাতে লাখ লাখ মুসুল্লি দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রার্থনা করে। এবারে চট্টগ্রাম মহানগরীতে ২৬৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল আটটায় অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন মো. আল কাদেরী। এখানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সাবেকমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। নামাজ শেষে রাজনৈতিক নেতারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। একইস্থানে সকাল ৯টায় আরো একটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল ৮টায় নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত জামাতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সাধারণ মানুষ শরিক হন। এবার সিটি করপোরেশনের উদ্যোগে ১৩৬টি এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ১৩০টি জামাত অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। ঈদ নামাজের পর মুসল্লিরা ঘরে ফিরে পশু কোরবানি দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মচারীদের দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/১৮১২ ঘ.