২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাসিনাকে আমন্ত্রণ

শেখ হাসিনা এই আমন্ত্রণ গ্রহণ করলে তিস্তা চুক্তি নিয়ে বিতর্ক শুরুর পর মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তার প্রথম সাক্ষাত হতে পারে এই সমাবর্তন উপলক্ষেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এ সমাবর্তনে যোগ দেওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরও। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের সর্বাধিক পঠিত বাংলা দৈনিক আনন্দবাজার সোমবার এ খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে, "এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্য সরকারের অনুমতি নিয়েই সমাবর্তন অনুষ্ঠানে হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের আপত্তিতে বাংলাদেশের সঙ্গে তিস্তা জল চুক্তি সম্পাদন আটকে যাওয়ার পরে মমতারই সরকারের অনুমোদনে এই শহরে হাসিনাকে আমন্ত্রণ 'তাৎপর্যপূর্ণ' ঘটনা।" কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্র"বজ্যোতি চট্টোপাধ্যয় বলেন, "গত বছর ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক এসেছিলেন সমাবর্তনে। মানচিত্র ধরে উপরের দিক থেকে নামলে ভুটানের পরেই পড়শি দেশ বাংলাদেশ। তাই এবার বাংলাদেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।" নাম প্রকাশ না করে বিশ্ববিদ্যালের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে আনন্দবাজার জানিয়েছে, সপ্তাহখানেক আগে শেখ হাসিনাকে এই আমন্ত্রণ পৌঁছানো হয়। তার সম্মতি পেলেই সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সমাবর্তন হতে পারে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি। দৃশ্যতঃ এই পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক। আনন্দবাজার লিখেছে, "এ বারের সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নেহাতই 'কাকতালীয়' ঘটনা নয়। ওই সিদ্ধান্তের পিছনে রাজ্য সরকারের, বলা ভালো স্বয়ং মুখ্যমন্ত্রীর 'রাজনৈতিক ও কূটনৈতিক স্বার্থ' জড়িয়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রের অভিমত।" শেখ হাসিনা এই আমন্ত্রণ গ্রহণ করলে তিস্তা চুক্তি নিয়ে বিতর্ক শুরুর পর মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তার প্রথম সাক্ষাত হতে পারে এই সমাবর্তন উপলক্ষেই। তবে তার আগেই মালদ্বীপে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে মনমোহন সিংয়ের সঙ্গে দেখা হচ্ছে হাসিনার। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই গত শনিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় 'অমীমাংসিত থাকা' বিষয়গুলো নিয়েও মালদ্বীপে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপের আদ্দু দ্বীপে এই সম্মেলনে মালদ্বীপ, বাংলাদেশ ও ভারত ছাড়াও সার্কের সদস্য দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৩১ ঘ.