ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ প্রতিবারের মতো এবারো ঈদুল আজহায় গরু কোরবানি দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি একটি গরু কোরবানি দিচ্ছেন। অন্য বছরগুলোর মতো এবারও কোরবানির মাংস বঙ্গভবনের কর্মচারীদের মধ্যে বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে তিনটি স্থানে কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গীপাড়ার বাবার বাড়ি এবং গণভবনে আলাদাভাবে কোরবানি হচ্ছে।
আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নামে একটি গরু কোরবানি দিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদা জিয়া তার গুলশানের বাসভবনে প্রতিবারের মতো এবারও একটি গরু কোরবানি দিয়েছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ সৌদি আবরে হজ করতে গেছেন। তবে তার পক্ষে রংপুরের বাড়িতে সাতটি গরু কোরবানি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার দলের একজন জ্যেষ্ঠ নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জেকে/১৩৪২ ঘ.
bdnews24