২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি জড়িত নই', মন্ত্রীর ভাই বাচ্চুর দাবি

টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু দাবি করেছেন, লোকমান হত্যাকাণ্ডে তাকে আসামি করার বিষয়টি 'হীন উদ্দেশ্যে প্রণিত'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু দাবি করেছেন, লোকমান হত্যাকাণ্ডে তাকে আসামি করার বিষয়টি 'হীন উদ্দেশ্যে প্রণিত'। লোকমান হত্যামামলার প্রধান আসামি বাচ্চু শনিবার তার ছেলে আফসার আহমেদের ইমেইল ঠিকানা থেকে পাঠানো এক বার্তায় বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাকে জড়িত করে একটি 'ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা' দায়ের করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন। নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার রাতে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলটির শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। এর ৪৮ ঘণ্টা পর টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান। মামলার আসামিদের বেশির ভাগই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। মামলার পর দুদিন পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই হত্যাকাণ্ডের রাতেই গ্রেপ্তার করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে। সালাউদ্দিন তার ইমেইলে বলেন, "নরসিংদী পৌরসভার নির্বাচিত মেয়রের হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে জড়িত করে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।" লোকমান হত্যাকাণ্ডের 'ষড়যন্ত্রে' তিনি কোনোভাবে জড়িত নন দাবি করে সালাউদ্দিন বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার এবং হীন উদ্দেশ্যে প্রণীত।" জেলা আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে ইমেইলে বলা হয়, "আমি সেক্রেটারি জেনারেল পদে প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক এরকম কোনো ইচ্ছাও কখনো প্রকাশ করি নাই। মরহুম লোকমান হোসেনের সঙ্গে এই বিষয়ে রাজনৈতিক দ্বন্দ্বের গল্প সম্পূর্ণই কল্পনাপ্রসূত ও উদ্দেশ্য প্রণোদিত।" নরসিংদী জেলা আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ইচ্ছার কথা বিভিন্ন জনকে জানিয়েছিলেন লোকমান। সালাউদ্দিনের নামও একই পদে আলোচনায় থাকায় এটাও দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে নিয়ামক হিসেবে কাজ করে বলে এর আগে স্থানীয় নেতারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২২৩৫ ঘ.