২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় শ্রমিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্ত্রকলের এক শ্রমিককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্ত্রকলের এক শ্রমিককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয় আরো এক শ্রমিক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লার কোতোয়ালেরবাগ এলাকায় শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুল মালেক (৩৫) কোতোয়ালেরবাগ এলাকার ওরিয়েন্টাল ডাইংয়ে কাজ করতেন। তিনি জামালপুরের সরিষবাড়ি উপজেলার পিতনা এলাকার মৃত ময়েজউদ্দিনের ছেলে। আহত শ্রমিক শিপন পাশের সাব্বির ডাইংয়ে কাজ করতেন। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালেক কাপড় চুরি করে সাব্বির ডাইংয়ের শিপনের কাছে বিক্রি করেছে- এ অভিযোগে সকাল সাড়ে ৯টায় মালেক ও শিপনকে রশি দিয়ে বেঁধে প্রচণ্ড পিটুনি দেয় সাব্বির ডাইংয়ের ম্যানেজার সাইদুর রহমান ও সুপারভাইজার সোহেল মিয়া। এরপর সেখানেই আটকে রাখে তাদের। খবর পেয়ে মালেকের ভাই আলম সাব্বির ডাইংয়ে গিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনেন। অসুস্থ অবস্থায় মালেককে খানপুরের ২০০ শয্যার হাসপাতালে ভর্তি তরা হলে সেখানে তার মৃত্যু হয়। আলম পুলিশকে জানিয়েছেন, তিনি কারখানায় গেলে তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে একটি সাদা স্ট্যাম্পে সই নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা মতিন জানান, মালেক হত্যার সঙ্গে জড়িত অভিযোগে সাব্বির ডাইংয়ের শ্রমিক আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে সাইদুর ও সোহেল পলাতক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই আলম বাদি হয়ে মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭১৭ ঘ.