ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারের ফলপট্টিতে আগুন লেগে কলা ও বেলের চারটি আড়ত পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি টিনশেড ঘরও।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোর ৬টার দিকে একটি কলার আড়ত এবং পাশের একটি আবাসিক হোটেলের ছাদে আগুন লাগে। ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কলার আড়ত এবং তার ওপরে টিনের ছাদের কয়েকটি ঘর ছাড়াও পাশের 'আগমন' আবাসিক হোটেলের পাঁচ তলার ছাদে থাকা রান্নাঘর ও স্টোর রুম ক্ষতিগ্রস্ত হয় বলে তেজগাঁও ফায়ার ব্রিগেড স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "আগুনে প্রায় ৮ লাখ টাকার কলা, বেল পুড়ে গেছে বলে দাবি করেছেন আড়তমালিকরা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।"
এদিকে কলার আড়ত থেকে পাশের পাঁচ তলা ভবনের ছাদে আগুন কীভাবে গেলো- সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি ফায়ার ব্রিগেডের কর্মীরা।
মামুনুর রশিদের ধারণা, হোটেল আগমনের ছাদে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুনের ফুলকি থেকেই নিচে কলার আড়তে আগুন ছড়িয়ে পড়ে।
আবার কেউ কেউ বলছেন, আড়তে কলা পাকানোর জন্য জ্বালানো আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটে।
"তদন্ত ছাড়া বিষয়টি নিশ্চিত করা সম্ভব না," যোগ করেন মামুনুর রশিদ।
এদিকে কারওয়ান বাজারের আগুন নিভিয়ে ফেরার পথে কাকরাইলে মৎস্য ভবনের কাছে ফায়ার ব্রিগেডের একটি গাড়ির সড়ক দ্বীপে উঠে গেলে চালক শাখাওয়াত হোসেন এবং ফায়ারম্যান সঞ্জয় কুমার আহত হন।
এদের মধ্যে সঞ্জয় কুমারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১২৪৬ ঘ.
bdnews24