২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টারে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে গ্রামের বাড়ির দিকে ছুটছে মানুষ। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাস মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে গ্রামের বাড়ির দিকে ছুটছে মানুষ। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাস মালিকরা। কাউন্টারে বসেই যাত্রীরা কাটিয়ে দিচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা। তবে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দের কথা ভেবে এ কষ্ট মেনে নিচ্ছেন ঘরমুখো মানুষেরা। ঈদের ছুটি শুরুর আগে দুই দিনের সাপ্তাহিক ছুটি পেয়ে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা ছাড়তে শুরু করে ঘরমুখো মানুষ। সরেজমিনে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড়। এক সপ্তাহ আগে টিকেট কিনেও যথাসময়ে বাস না আসায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তারা। গাবতলী বাস টার্মিনালে অপেক্ষারত যশোরগামী যাত্রী বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "ছয়দিন আগে ঈগল পরিবহনের টিকিট কিনেছিলাম। বাস ছাড়ার সময় ছিলো সকাল ১০টা। কিন্তু বাস আসতে দেরি হওয়ায় বেলা ১২টায় বাস ছেড়েছে।" ঈদের জন্য যাত্রীদের বাড়তি চাপ থাকায় এ কষ্ট তার কাছে স্বাভাবিক মনে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "গ্রামে গিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করার আনন্দটাই বড় কথা।" এই টার্মিনালেই কয়েক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় ছিলেন খুলনাগামী আরেক যাত্রী মহিবুল ইসলাম। তিনি বলেন, "ঈদের সময় এ ভোগান্তি আমাদের কাছে সহনীয় হয়ে গেছে। কারণ এতো চাপ থাকে যে পরিবহন কর্তৃপক্ষেরও তেমন কিছু করার থাকে না।" বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ মোহাম্মদ হোসেন দিনাজপুর যাওয়ার জন্য সকাল সাড়ে ১০টায় হানিফ পরিবহনের কাউন্টারে গিয়ে জানতে পারেন বাস ছাড়তে তিন ঘণ্টা দেরি হবে। আক্ষেপের সুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এই ভোগান্তির শেষ হবে কবে?" বাস ছাড়তে দেরি হওয়া প্রসঙ্গে ঈগল পরিবহনের গাবতলী কাউন্টারের কর্মকর্তা মোহাম্মদ শফিক বলেন, "ঈদের সময় এটুকু মেনে নিতে হবে। শুক্রবার যাত্রীর চাপ বেশি থাকায় বিভিন্ন গন্তব্যে যাওয়া বাস ফিরতে দেরি হওয়ায় এ সমস্যা হয়েছে।" একই ধরনের চিত্র দেখা যায় রাজধানীর মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে। সকাল থেকেই যাত্রীর ভিড়ে মহাখালী টার্মিনালজুড়ে যানজট লেগে যায়। ময়মনসিংহের যাত্রী রোজিনা ইসলাম বলেন, "এ রুটে চলাচলকারী বাসের টিকিট আগে থেকে বিক্রি করা হয় না। তাৎক্ষণিক এলে পাওয়া যায়। কিন্তু আজ সকাল ৮টায় এসে বেলা ১২টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো বাসের টিকিট পাইনি।" মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ টার্মিনাল থেকে অগ্রিম কোনো টিকিট বিক্রি করা হয় না। আগে আসলে আগে পাবেন- এ অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হয়। যেহেতু যাত্রীর চাপ বেশি তাই টিকিট পেতে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে।" সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড়ে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিণত হয় জনসমুদ্রে। এ টার্মিনাল থেকে বাগেরহাটের উদ্দেশ্যে সকাল ৯টায় রওয়ানা হন ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব হোসেন। তিনি বলেন, "সকাল ৭টায় এসে বনলতা পরিবহনে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে থাকি। তারপর ৯টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।" এ টার্মিনালে অপেক্ষারত চট্টগ্রামগামী মোফাজ্জল হোসেন বলেন, "চট্টগ্রামে যাওয়ার জন্য সকাল থেকে এসে টিকিট কেনার চেষ্টা করছি। কিন্তু কোনো বাসের টিকিট পাচ্ছি না।" এদিকে হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) আনোয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন কোনো যানজট নেই। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।" তবে কুমিল্লার চান্দিনা এলাকায় সড়কের সংস্কার কাজ চলায় সেখানে কিছুটা ধীরগতিতে গাড়ি চলাচল করছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/পিডি/২৩৩২ ঘ.