নরসিংদী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পুলিশ সুপারের (এসপি) চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে ফরিদপুরের অতিরিক্ত এসপি সুব্রত কুমার হাওলাদারকে।
শনিবার রাত ৯টায় তিনি দায়িত্বভার বুঝে নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সুব্রত কুমার।
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন খুন হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার রাতে পুলিশ সুপার (এসপি) আক্কাস উদ্দিন ভূইয়াকে প্রত্যাহার এবং দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়।
মঙ্গলবার রাতে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদী পৌর মেয়র এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
লোকমানের ছোট ভাই শামীম নেওয়াজ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করেন। আসামিদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ওই মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে।
ক্ষমতাসীন দলের এ নেতাকে হত্যার পরপরই জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২১৫ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স নরসিংদীর এসপি প্রত্যাহার, ২ কর্মকর্তা বদলি
ক্সট্রেনে আগুন ও ভাঙচুরের ঘটনায় দুই মামলা
bdnews24