২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বতসোয়ানায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

আফ্রিকার শান্ত দেশ হিসেবে পরিচিত বতসোয়ানায় এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

মনিরুল ইসলাম ভুঞা বতসোয়ানা থেকে গ্যাবোরন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফ্রিকার শান্ত দেশ হিসেবে পরিচিত বতসোয়ানায় এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ তিন জন। সন্ত্রাসী হামলায় আহত আকমল হোসেন মোল্লা (৪২) শুক্রবার বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রিন্সেস মেরিনা হাসপাতালে মারা যান বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আকমলের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারবেরা গ্রামে। তার স্ত্রী ওই হাসপাতালে ভর্তি আছেন। গত রোববার (৩০ অক্টোবর) রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরের এলাকায় বাড়িতে ঢুকে ওই পরিবারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আকমল আট বছর ধরে বতসোয়ানায় বসবাস করছিলেন। একই রাতে বাংলাদেশি আরেকটি পরিবার রাজধানী থেকে ৬০ কিলোমিটার দূরে মোলেপোল এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন। সেখানে আহত হন শামীম আহমেদ খান ও তার স্ত্রী। তারাও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ঘোদিয়া গ্রামে। বতসোয়ানায় দুই বছর আগে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছিলেন বাংলাদেশি ব্যবসায়ী রিফাত চৌধুরী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের কাছের দেশ বতসোয়ানায় প্রায় সাতশ' বাংলাদেশি রয়েছেন, তাদের অনেকে চাকরি করলেও ব্যবসায়ীর সংখ্যাও কম নয়। ২ লাখ ২৪ হাজার একর আয়তনের দেশ বতসোয়ানায় লোকসংখ্যা ২০ লাখের কম। বতসোয়ানা সম্পর্কে বিবিসি বলছে, এটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র এবং দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। হীরার খনিসমৃদ্ধ দেশটিতে দুর্নীতির ব্যাপকতা কম এবং দেশটির মানবাধিকার পরিস্থিতিও সন্তোষজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমআই/০০৫৪ ঘ.