বাগেরহাট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আটক একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা শুক্রবার বিকালে অজগরটি সুন্দরবনের শরণখোলা স্টেশন এলাকায় ভোলা নদীতে অবমুক্ত করেন।
বুধবার উপজেলার চিপাবারইখালী গ্রামে অজগরটি আটক করেছিল এলাকাবাসী।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, চিপাবারুইখালী গ্রামের একটি বাড়ির রান্নাঘরের জ্বালানি কাঠ রাখার মাচা থেকে সাত ফুট লম্বা এই অজগরটি আটক করা হয়।
তিনি বলেন, শুক্রবার সকালে বনকর্মীরা সাপটি ওই বাড়ি থেকে আনেন।
অজগরটি না মেরে বন বিভাগের হাতে তুলে দেওয়ার জন্য তিনি ওই বাড়ির লোকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, বাংলাদেশে সুন্দরবন অজগরের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। গত দুই মাসে সুন্দরবন সংলগ্ন শরণখোলা ও মোরেরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছয়টি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
তার মতে, এ বছর বর্ষা মৌসুমে অতি বর্ষণ ও জোয়ারের পানিতে বনভূমি প্লাবিত হওয়ায় এরা পানিতে ভেসে লোকালয়ে চলে এসেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24