গাজীপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও ঈদ বোনাসের দাবিতে শুক্রবার গাজীপুরের টঙ্গীতে দু'টি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
এরমধ্যে বিসিক শিল্প নগরীর মৌলি ফ্যাশন লিমিটেডে বিক্ষোভ এবং হোসেন মার্কেট এলাকার এলিটজা ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধওয়া ও পাল্টা ধাওয়া হয়।
শিল্প পুলিশের (গাজীপুর জোন-২) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট দেওয়ান লালন আহমেদ জানান, মৌলি ফ্যাশন লিমিটেড'র শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করছিল। ওইদিন সন্ধ্যায় কর্তৃপক্ষ শনিবার বেতন ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
কিন্তু শুক্রবার দুপুরে কিছু শ্রমিককে বেতন-বোনাস দিলেও কারখানার কয়েকটি ইউনিটে শ্রমিকদের শনিবার দেওয়ার কথা বলে। এতে তারা আবারো বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে এলিটজা ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১৫ মিনিট অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24