মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত কর্মী।
ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপিন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জবাইকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণে আমরা অতিরিক্ত ৮শ ২০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করেছি। ঈদের আগের রাতে ১৩টি ট্রাকসহ ঈদের দিন অতিরিক্ত ১৩৭টি ট্রাক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবে।"
এর বাইরে ৬টি পে-লোডার, ৪টি টায়ার ডোজার, ২০টি ডাম্পার, ৮টি পানির গাড়ি, ৬টি ট্রেইলরসহ ৩টি প্রাইম মোভার থাকবে।
বর্জ্য অপসারণের পর জায়গাটি ধুয়ে ফেলার জন্য ডিসিসির পানির গাড়ির পাশাপাশি ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত ১২টি পানির গাড়িও থাকবে বলে জানান তিনি।
আগামী ৭ নভেম্বর সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেদিনই হবে অধিকাংশ পশু কোরবানি হবে।
সচেতনতায় লিফলেট-পোস্টার
৪০ নং ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বিডিনিউজকে জানান, পশু কোরবানির পর পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে লিফলেট ও স্টিকার বিতরণ শুরু হয়েছে। অন্যান্য কার্যক্রমের প্রস্তুতিও চলছে।"
এদিকে ডিসিসি প্রথমবারের মতো ভিন্নধর্মী কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় পশু ক্রয়কারীদের এক বোতল করে স্যাভলন দেওয়া হচ্ছে বলে ডিসিসি দাবি করেছে।
অবশ্য গাবতলী হাটের ১ নং হাসিল ঘরের হিসাবরক্ষক নজরুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন থেকে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার দেয়া হলেও এখন পর্যন্ত স্যাভলন দেওয়া হয়নি।
বর্জ্য অপসারণে সাহায্য করতে ডিসিসির পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানান ক্যাপ্টেন বিপিন। তিনি বলেন, ৯৫৫৬০১৪, ৯০০৪৭৩৪ ও ৯৮৬১৩৯৩ নম্বরে ফোন করে যে কেউ সাহায্য নিতে পারবে।
বেসরকারি উদ্যোগ
ডিসিসির বাইরে ঢাকা ওয়াস্ট কালেকশন ফাউন্ডেশনের (ডিডব্লিউসিএফ) আওতায় প্রায় সাড়ে ৬ হাজার প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার বা পিসিএসপি সদস্য ঈদের দিনে সিটি করপোরেশনকে সহায়তা দেওয়ার কাজে নিয়োজিত থাকবেন।
ডিডব্লিউসিএফের সাধারণ সম্পাদক নাহিদ আক্তার লাকি জানান, ঈদের দিন সিটি করপোরেশনের ১০টি জোনের ৯০টি ওয়ার্ডে তাদের কর্মীরা সক্রিয় থাকবেন। সিটি করপোরেশনের কর্মীদের মতো তাদের কর্মীদেরও ছুটি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24