ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ বিচারে 'ন্যায়বিচার' পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
তিনি বলেছেন, "এটি কোনো আদালত নয়, একটি দলীয় কাঙ্গারু কোর্ট। বাংলাদেশ কিংবা হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল- কোনো আদালতের আইন মেনে এখানে বিচার হচ্ছে না। এই বিচার দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।"
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল বলেন, "জাহানারা ইমামের নেতৃত্বে যে গণআদালত গঠন করা হয়েছিলো তার প্রসিকিউটর ছিলেন বর্তমান ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক; যিনি ২৬ জনকে ফাঁসি দেওয়ার কথা বলেন। তাকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করে পুরো বিচার প্রক্রিয়াকে বির্তকিত করে ফেলেছে [সরকার]।"
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
'মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট' শিরোনামে বৃহস্পতিবারের ওই আলোচনায় রফিকুল ইসলাম দাবি করেন, "এই আদালত আন্তর্জাতিক মানসম্পন্ন নয়।"
"সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এই বিচার অনুষ্ঠান সাজিয়েছে।" যোগ করেন তিনি।
যুদ্ধাপরাধের অভিযোগে মামলায় থাকা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ইতিমধ্যে ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে 'বিতর্কিত' হিসেবে অভিহিত করেছেন।
যুদ্ধাপরাধের অভিযোগে আটক সাতজন জামায়াত ও বিএনপি নেতার মুক্তি দাবি করে ইতিমধ্যে একাধিকবার বক্তব্য দিয়েছেন চারদলীয় জোটপ্রধান খালেদা জিয়া।
'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি' ১৯৯২ সালের মার্চ মাসে জামায়াতের তৎকালীন আমির গোলাম আযমের প্রতীকী বিচার করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ওই কমিটির আহ্বায়ক ছিলেন জাহানারা ইমাম।
জামায়াতে ইসলামী বিএনপির শরিক না হলে আওয়ামী লীগ জামায়াত নেতাদের বিচার করতো না মন্তব্য করে রফিকুল ইসলাম বলেন, "১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধ বিচারের আইনটি করলেও কোনো বিচারক নিয়োগ দেননি। কেবলমাত্র প্রধান কৌঁসুলী হিসেবে অ্যাডভোকেট সিরাজুল হককে নিয়োগ দেওয়া হয়।"
"আড়াই বছরে শেখ মুজিব ট্রাইব্যুনালই গঠন করেননি। শেখ মুজিব যুদ্ধাপরাধীদের মাফ করে দিয়েছেন।" দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
সাঈদী ছাড়া জামায়াতে ইসলামীর আরো চার শীর্ষনেতা যুদ্ধাপরাধের অভিযোগে আটক আছেন। তাদের বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে মঙ্গলবার ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির দুই নেতার বিরুদ্ধেও মামলা চলছে। এদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে থাকলেও জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে আছেন।
জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে নাগরিক ফোরাম নামে একটি সংগঠন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24