ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত শিরো সাদোশিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
বৃহস্পতিবার গণভবনের এ বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, এটা ছিলো নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। তাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিক গণতন্ত্রের অভাবে বাংলাদেশের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। তার সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করছে।
বর্তমান সরকারের সময়ে নির্বাচনগুলো অবাধ ও নিরপেক্ষভাবে হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশে এখন গণতান্ত্রিক ব্যবস্থা বিরাজ করছে। গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পদ্মা সেতুর বিষয়টি ওঠে। এ সেতুতে বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবির সঙ্গে জাপানও অর্থায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য এই সেতুর গুরুত্ব অপরিসীম।
সাদোশিমা বলেন, "জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপান সব সময় বাংলাদেশের পাশে থাকবে।"
জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি।
নতুন রাষ্ট্রদূত জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুটি ধন্যবাদপত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনার সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামানও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪২ ঘ.
bdnews24