২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুর হাটে ক্রেতার অপেক্ষা

ঈদুল আজহার চারদিন আগে রাজধানীর হাটগুলোতে পশুর যথেষ্ট উপস্থিতি থাকলেও এখনো ক্রেতা সমাগম আশাব্যঞ্জক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার চারদিন আগে রাজধানীর হাটগুলোতে পশুর যথেষ্ট উপস্থিতি থাকলেও এখনো ক্রেতা সমাগম আশাব্যঞ্জক নয়। তবে শুক্রবার থেকে বাজার জমে উঠবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। পশু পালনে খরচ বেড়ে যাওয়ায় প্রত্যাশিত দাম না পাওয়া নিয়ে আশঙ্কার মধ্যেই ক্রেতার অপেক্ষায় আছেন বিক্রেতারা। বুধবার গাবতলী, আগারগাঁও, বনানীসহ কয়েকটি পশুর হাটে বিক্রেতা ও হাটসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া যায়। রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে আসা ফরিদপুরের গরু ব্যবসায়ী রফিক বলেন, "এখন পর্যন্ত কাস্টমার খুবই কম। শুক্রবার থেকে আসল বাজার শুরু হবে।" এখন পর্যন্ত এ হাটে সবচেয়ে দামি গরুটি এনেছেন তিনি। অস্ট্রেলিয়ান জাতের গরুটির দাম হেঁকেছেন ১৬ লাখ টাকা। এতো টাকা দিয়ে কেউ গরু কিনবে কি না জানতে চাইলে রফিক বলেন, "দেখা যাক, বাজারে তো এখনো বড় কাস্টমার নামে নাই।" গাবতলী হাটের ১ নম্বর হাসিল ঘরের ক্যাশিয়ার নজরুল ইসলাম বলেন, "বাজার খারাপ না। তবে এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও আশা করছি শুক্রবার থেকে বাজার জমে উঠবে।" চুয়াডাঙ্গার হাতেম আলী আগারগাঁও হাটে ৬টি নেপালি জাতের গরু এনেছেন। দাম প্রতিটির দাম হেঁকেছেন ২ লাখ টাকা। প্রত্যাশিত দাম না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "বাজার মন্দ। দাম পড়তেছে প্রতিদিন, কাস্টমারও কম।" একই অবস্থা দেখা যায় বনানী-কাকলী রেলওয়ে মাঠ সংলগ্ন পশুর হাটে। তবে শুক্রবার থেকে বাজার জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতা এবং হাট সংশ্লিষ্ট অনেকে। কুষ্টিয়ার মোহাম্মদ জালালউদ্দিন গাবতলীতে সিন্ধি জাতের ৮টি গরু এনেছেন ভালো দাম পাওয়ার আশায়। ৬ মাস আগে তিনি স্থানীয় হাট থেকে দেড় লাখ টাকা করে প্রতিটি গরু কিনেছিলেন। বিক্রির জন্য প্রতিটির দাম ধরেছেন আড়াই লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রতিটি গরুর জন্য শুধু প্রতিদিনের খাওয়া বাবদ খরচ হয়েছে তিনশ টাকা করে। ৬ মাসে গরুর খাওয়া খরচ, হাটের ইজারা, ঢাকা পর্যন্ত আনতে যে খরচ তাতে এর মধ্যেই দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। এছাড়া নিজেদের রাহা খরচ তো আছেই।" প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "দিন দিন যেভাবে দাম কমতেছে তাতে আল্লাই জানে কী অবস্থা হবে।" বনানী হাটে ৩৫টি মাঝারি ও ছোট আকারের গরু এনেছেন যশোরের বেল্লাল। প্রতিটির দাম ধরেছেন ২০ থেকে ৩২ হাজার টাকার মধ্যে। এই দামে বিক্রি করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "বাজারের ভাব খুব ভালো না। দাম খুবই কম। তারপরও কোরবানির ব্যবসা সম্পূর্ণ লটারি। দেখা যাক কী হয়।" নোয়াখালী থেকে আসা মোহাম্মদ সেলিম ৫০টি ছাগল এনেছেন বিক্রির জন্য। এর মধ্যে দুটি আছে যার প্রতিটির দাম ৬০ হাজার টাকা। অন্যগুলো ১০ থেকে ১৩ হাজার টাকার মধ্যে। তিনি বলেন, "দাম বাড়বোও না, কমবোও না। মাঝামাঝি থাকবো।" কোরবানির পশু হিসাবে গরু খাসীর পাশাপাশি মহিষেরও বেশ কদর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০টি মহিষ এনেছেন মোজাম্মেল। তিনি বলেন, "নরসিংদী, ভৈরব, সিলেট, নোয়াখালী অঞ্চলে মহিষ কোরবানির চল আছে।" ওজন হিসাবে মহিষের দাম নির্ধারিত হয় জানিয়ে তিনি বলেন, "প্রতি মণ ১২ থেকে ১৩ হাজার টাকা দরে বিক্রি হবে বলে আশা করছি।" রাজবাড়ীর মমিন ব্যাপারী একটি রাজস্থানী উট বিক্রির জন্য দাম চাইছেন সাড়ে সাত লাখ টাকা। এখন পর্যন্ত চার লাখ টাকা দাম উঠলেও পাঁচ লাখ টাকার নিচে উটটি বিক্রি করবেন না বলে তিনি জানিয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশন অনুমোদিত ১৩টি হাটের মধ্যে গাবতলী হাটের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে জোরালো উল্লেখ করে ক্যাশিয়ার নজরুল বলেন, "হাটের নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম ছাড়াও ৭০০ নিরাপত্তাকর্মী রয়েছে। জাল টাকা চিহ্নিত করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বুথ ছাড়াও হাটের ৮টি হাসিল ঘরে রয়েছে নিজস্ব জাল নোট সনাক্তকরণ মেশিন। এছাড়া এখানে পুলিশের ৬টি ওয়াচ টাওয়ার আছে।" রাজধানীর অন্য অস্থায়ী হাটগুলো হচ্ছে আরমানিটোলা খেলার মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহাজানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রীসংঘের মাঠ, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, ধুপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ ও গোলাপবাগ মাঠসংলগ্ন ডিসিসির আদর্শ স্কুল মাঠ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২০১ ঘ.