২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি শিক্ষার্থী নিতে পারবে না ৪৫০ ব্রিটিশ কলেজ

শিক্ষা নিয়ে প্রতারণা বন্ধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা ভিসা পদ্ধতি কঠিন করেছে ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা নিয়ে প্রতারণা বন্ধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা ভিসা পদ্ধতি কঠিন করেছে ব্রিটেন। এ পদক্ষেপের আওতায় ব্রিটেনের সাড়ে চারশ'র বেশি শিক্ষা প্রতিষ্ঠান সেদেশে নতুন করে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ হারিয়েছে বলে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, এ কলেজগুলোয় ভর্তির মাধ্যমে প্রতিবছর ১১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ব্রিটেনে প্রবেশ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়মের প্রয়োগ শুধু প্রতারণাই বন্ধ করবে না। এতে প্রকৃত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানসম্মত শিক্ষার বিষয়টিও নিশ্চিত হবে। ২০১২ সালের এপ্রিল থেকে আরো কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটিশ বর্ডার এজেন্সির নতুন বিধিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। নতুন পরিদর্শন ব্যবস্থায় (ইনস্পেকশন সিস্টেম) শর্ত পূরণ করতে না পারায় ইতোমধ্যে চারশ'র বেশি কলেজ বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন হারিয়েছে। এছাড়া একশ'র বেশি কলেজে ইউকে বর্ডার এজেন্সি তদন্ত চালিয়ে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করেছে। গত এপ্রিলে ব্রিটেনে শিক্ষা ভিসা পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা নিয়ে কড়াকড়ি আরোপের আগে দেশটিতে ভিসার জন্য দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের অনেক বেশি আবেদন পড়ায় ওই তদন্ত হয়। এতে সাড়ে চার হাজারের বেশি আবেদন প্রত্যাখ্যান বা প্রত্যাহার হয়। তদন্তে দেখা যায়, একটি কলেজের ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকার কথা বলে হলেও সেটি ক্লাস শুরু হওয়ার বিজ্ঞাপন দিয়েছে। অন্য একটি কলেজ সেখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা বা ক্লাসের সময়সীমা জানাতে ব্যর্থ হয়েছে। অন্য কলেজগুলো ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার বা শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের তথ্য দিতে পারেনি। অভিবাসনমন্ত্রী ডেমিয়ান গ্রিন বলেন, "স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় দীর্ঘ দিন ধরে ব্যাপকভাবে প্রতারণা চলে আসছিলো এবং আমরা যেসব পরিবর্তন এনেছি তা শুরু মাত্র।" "অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শিক্ষার পরিবর্তে অভিবাসন সেবা দেওয়ার প্রস্তাব দিয়ে আসছিলো এবং কাজ পেতে ও পরিবারের সদস্যদের এখানে নিয়ে আসার উদ্দেশ্যে অনেক শিক্ষার্থীই ব্রিটেনে এসেছে। বিদেশি শিক্ষার্থী আনার ক্ষেত্রে শুধু প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানকেই অনুমোদন দেওয়া হবে।" তিনি বলেন, শিক্ষার্থী অবস্থায় কাজ ও পরিবারের সদস্যদের ব্রিটেনে আনার সুযোগ কমিয়ে আনা হয়েছে। এছাড়া প্রকৃত শিক্ষার্থীদের আসার বিষয়টি নিশ্চিত করতে ইংরেজি ভাষায় দক্ষতার ওপর নতুন নিয়ম চালু করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন সংক্রান্ত কর্তব্য পালনের বিষয়টি নিশ্চিতে বর্ধিত স্পনসরশিপের নতুন মানদণ্ড অনুসরণ করার জন্যও কলেজগুলোকে বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠান এ মানদণ্ডগুলো অনুসরণে ব্যর্থ হবে স্পনসর হিসেবে সেগুলোর নিবন্ধন বাতিল হবে। এছাড়া দুই হাজারের বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একটি তালিকা করেছে ইউকে বর্ডার এজেন্সি। আবাসন ও শিক্ষা ব্যয় মেটানোর জন্য শিক্ষার্থীদের পযাপ্ত অর্থ থাকা বিষয়ে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুমোদন করবে না এজেন্সি। ওই তালিকায় থাকা কোনো ব্যাংকের তথ্য সরবরাহ করলে সে শিক্ষার্থীকে ভিসা দেওয়া হবে না। অবশ্য বাংলাদেশের জন্য এই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। গত মার্চে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ভিসা ব্যবস্থার সংস্কার ঘোষণা করেন। ধাপে ধাপে এসব সংস্কার বাস্তবায়ন হবে। গত এপ্রিলে প্রথম ধাপে এবং জুলাই দ্বিতীয় ধাপে কতগুলো আইন কার্যকর হয়। নতুন আইনে ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা শেষে কাজের সুযোগ বন্ধ হবে। তবে আরো কিছু দিন থাকতে এবং øাতক পর্যায়ে লেখাপড়া করলে তারা পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা টায়ার ২-এর অধীনে আবেদন করতে পারবে। কিছু ব্যতিক্রম বাদে ডিগ্রি পর্যায়ের ওপরে শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর লেখাপড়া করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের কোর্স ছাড়া কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০৩৭ ঘ. ব্রিটেনে শিক্ষার্থী ভিসার জন্য ভারত ও পাকিস্তানের যেসব আর্থিক প্রতিষ্ঠানের প্রতিবেদন গ্রহণ করা হবে এবং যেগুলো বাদ পড়বে, তার তালিকা পড়তে ক্লিক করুন। ভারতের যেসব প্রতিষ্ঠানের প্রতিবেদন গ্রহণ করা হবে পাকিস্তানের যেসব প্রতিষ্ঠানের প্রতিবেদন গ্রহণ করা হবে ভারতের যেসব আর্থিক প্রতিষ্ঠানের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না পাকিস্তানের যেসব প্রতিষ্ঠানের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না