সিরাজগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারে বিষ মিশিয়ে চার বছর বয়সী সৎমেয়েকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের আদালত।
আসামি মোমেনা খাতুনের (৩৪) উপস্থিতিতে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে কুলসুম বুধবার এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার এজাহারে বলা হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটাপাড়া গ্রামের বজলে প্রামাণিক প্রথম স্ত্রীর মৃত্যুর পর পাশের পংরোহা গ্রামের মোমেনা খাতুনকে বিয়ে করেন। ২০০৮ সালের ৭ ডিসেম্বর মোমেনা বিষ মেশানো মুড়ি খাইয়ে তার সৎমেয়ে জরিনা খাতুনকে হত্যা করেন।
এ ঘটনায় জরিনার মামা আক্তার হোসেন বাদী হয়ে মোমেনা খাতুন ও বজলে প্রামানিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক মোমেনা খাতুনকে কারাদণ্ড দিলেও জরিনার বাবা বজলে প্রামানিককে খালাস দেন।
সরকার পক্ষে অ্যাডিশনাল পিপি সিরাজুল হক এবং বিবাদী পক্ষে কামাল হোসেন মামলাটি পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫৪৮ ঘ.
bdnews24