২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলালিংকের কাছে স্পেক্ট্রাম ফি দাবি কেন অবৈধ নয়'

স্পেক্ট্রাম ফি দাবি করে বাংলালিংককে দেওয়া বিটিআরসির চিঠির 'অংশ বিশেষ' কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেক্ট্রাম ফি দাবি করে বাংলালিংককে দেওয়া বিটিআরসির চিঠির 'অংশ বিশেষ' কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বাংলালিংকের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও এ কে এম জহিরুল হকের অবকশকালীন বেঞ্চ বুধবার এই রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান এবং দুই পরিচালকসহ (লিগ্যাল ও লাইসেন্সিং ডিভিশন, স্পেক্ট্রাম ব্যবস্থাপনা বিভাগ) মোট ছয় জনকে এর জবাব দিতে বলা হয়েছে। বাংলালিংকের কার্যক্রম যাতে ব্যহত না হয়, সেজন্য বিটিআরসির ওই চিঠির ওপর আগামী তিন মাস স্থিতাবস্থা থাকবে বলেও আদেশ দিয়েছে আদালত। বাংলালিংকের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থিতাবস্থার ফলে এই সময়ে বিটিআরসি আর স্পেক্ট্রাম ফি দাবি করতে পারবে না। পাশাপাশি বাংলালিংকের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজও করতে পারবে না সরকার বা বিটিআরসি।" তিনি দাবি করেন, বিটিআরসি ২০০৮ সালে ১৮ বছরের জন্য ৮০ কোটি টাকায় ২ দশমিক ৬ মেগাহার্জের স্পেক্ট্রাম বরাদ্দ দিয়েছিল বাংলালিংকে, যা এখনো বহাল আছে। এই অবস্থায় বিটিআরসি নতুন করে ফি দাবি করতে পারে না। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (টুজি) লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি জমা দেওয়ার জন্য বিটিআরসি গত ১৭ অক্টোবর অপারেটরগুলোকে চিঠি দেয়। বাংলালিংক লাইসেন্স ফি বাবদ ৮ কোটি ৫০ লাখ টাকা জমা দিলেও স্পেকট্রাম ফি দিতে আপত্তি জানায়। এ বিষয়ে গত ৩০ অক্টোবর হাইকোর্টে রিট করে বাংলালিংক। তিনদিন শুনানি শেষে আদালত বুধবার আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২৩ ঘ.