চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের অপহৃত এক নেতাকে উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান অপহৃত লেনিন চাকমার স্ত্রী স্বপ্না চাকমা।
তার অভিযোগ, ইউপিডিএফের প্রতিপক্ষ পাহাড়ি সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা লেনিনকে অপহরণে জড়িত।
স্বপ্না বলেন, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের রঙ্গিপাড়া এলাকা থেকে লেনিনসহ তিন জনকে অপহরণ করা হয়। অপহৃত শৈইচাপ্র"্য কেয়াং ও জুয়েল চাকমা পরদিন অপহরণকারীদের কবল থেকে ছুটে এলেও লেনিন পারেননি।
এ ঘটনায় গত ২৭ এপ্রিল নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা করেন স্বপ্না।
তিনি বলেন, গত ২ মে মামলার আসামি জুনান চাকমা, অজয় চাকমা, বিকাশ চাকমা, সুমন চাকমা ও তাপস চাকমা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়।
"আদালত মামলাটি সিআইডিতে হস্তান্তর করলেও এর কোনো অগ্রগতি নেই," বলেন স্বপ্না।
জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা) উদ্দেশ্য করে স্বপ্না সংবাদ সম্মেলনে বলেন, "যারা লেনিনকে অপহরণ করেছে, তারা আপনার দলের সদস্য। প্রধান নেতা হিসেবে আপনি তাদের চাপ দিন, যাতে লেনিনের খোঁজ দেয়।"
স্বপ্নার সংবাদ সম্মেলনে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের নেতারা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০২০ ঘ.
bdnews24