ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের স্পেক্ট্রাম ফি নিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতে বিটিআরসির করা আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
গত ২৬ অক্টোবর হাইকোর্ট ২০০৮ সালে বরাদ্দ করা স্পেক্ট্রাম ফি বাবদ গ্রামীণফোনের কাছে টাকা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে। ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে যায় বিটিআরসি।
সুপ্রিম কোর্টে ছুটি চলায় সরকারি প্রতিষ্ঠান বিটিআরসির আইনজীবীরা মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. ইমান আলীর বাড়িতে আবেদনটি উপস্থাপন করেন।
ফলে নিয়ম অনুযায়ী এখন এ আবেদন প্রধান বিচারপতির কাছে যাবে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) খন্দকার রেজা ই রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চেম্বার বিচারপতির আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, খন্দকার রেজা ই রাকিব। গ্রামীণফোনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস।
খন্দকার রেজা ই রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ আমরা হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করতে চেম্বার বিচারপতির আদালতে যাই। বিচারপতি এই বিষয়টি শুনানি না করে বিব্রত করেন।"
এখন কী হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখন নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি এ বিষয়টি শুনানির জন্য একটি বিশেষ চেম্বার আদালত গঠন করে দেবেন। সেই আদালতে এই বিষয়টির শুনানি হবে।"
টু-জি লাইসেন্স নবায়নে গ্রামীণফোনকে (জিপি) গত ১৭ অক্টোবর দেওয়া চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য বিটিআরসি আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটিং কোম্পানিটি।
গ্রামীণফোন বলছে, ২০০৮ এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেক্ট্রাম ১৮ বছরের জন্য ৮০ কোটি টাকা দিয়ে বরাদ্দ পায় তারা। তখন লিখিত চুক্তি হয় যে, ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো মাশুল দিতে হবে না।
অন্যদিকে বিটিআরসি বলছে, লাইসেন্স নবায়ন নীতিমালা অনুযায়ী ২০০৮ এর বরাদ্দকৃত স্পেক্ট্রামের ওপর মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়েই ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে।
তবে গ্রামীণফোনের আইনজীবী বলেছেন, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।
বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিবও বলেন, "বিটিআরসির ওই চিঠিতে কিছুটা ভুল ছিলো। টাকার পরিমাণ ২৩৬ দশমিক ৮ কোটিই হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24