ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু সামিউল আজিম ওয়াফি হত্যামামলায় মা আয়েশা হুমায়রা এশাসহ দুই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার ৪ নম্বর বিশেষ জজ জেসমিন আনোয়ারের আদালতে এ শুনানি চলে। বাকি শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন রেখেছেন বিচারক।
এ মামলার অভিযোগ গঠনের শুনানি এর আগে ছয় বার পিছিয়েছিলো বলে মামলার বাদি সামিউলের বাবার ব্যক্তিগত আইনজীবী ইসলাম উদ্দিন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ জন্য রাষ্ট্রপক্ষের ব্যর্থতাকেই দায়ী করেছে বাদি পক্ষ। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থতার জন্য গত ৭ সেপ্টেম্বর বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুজ্জামান টিপুকে একই বিচারক সতর্কও করেছিলেন।
মামলার দুই আসামি সামিউলের মা এশা (২৫) এবং তার বন্ধু শামসুজ্জামান ওরফে আরিফকে (৩৮) মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
গত বছরের ২৩ জুন রাতে রাজধানীর আদাবরে নবোদয় হাউজিংয়ের বাড়িতে খুন হয় পাঁচ বছরের সামিউল। অভিযোগ উঠেছে, এশা ও আরিফকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় সামিউলকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং এশার সহযোগিতায় তা করেন আরিফ।
এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম আদাবর থানায় এশা ও আরিফের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৫ অক্টোবর আদাবর থানার ওসি কাজী শাহান হক দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এশা ও আরিফ গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। মঙ্গলবার দুই আসামির পক্ষে জামিন চাওয়া হলেও তা নাকচ করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24