রংপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও ব্যবসয়ী সাজিদ পারভেজ জাদু হত্যা মামলায় স্থানীয় আরেক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে।
রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় মজিদকে গ্রেপ্তার করে রংপুরে আনা হচ্ছে।"
রংপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. মাহফিজ জানান, "ঘটনার (হত্যাকাণ্ডের) পর থেকেই মজিদ পলাতক ছিলেন। তার অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণের পর আজ (মঙ্গলবার) ঢাকার ধানমন্ডিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রংপুর শহরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডের পেছন থেকে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জাদুর (২৬) লাশ উদ্ধার করে পুলিশ।
ওইদিন কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, জাদুর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জাদুর বড় ভাই সৈয়দ পারভেজ ১৭ অক্টোবর আব্দুল মজিদকে প্রধান আসামী করে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জাদুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রংপুর দোকান মালিক সমিতি গত বৃহস্পতিবার জেলায় আধাবেলা হরতালও পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১২১০ ঘ.
bdnews24