শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিকের বিভিন্ন কেলেঙ্কারি খতিয়ে দেখতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত দল সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত শেষ করতে তারা দুই সপ্তাহের মতো নেপালে অবস্থান করবেন।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের নেতৃত্বে এই তদন্ত দলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক রয়েছেন।
অন্য দেশের পতাকা নিয়ে গাড়িতে ভ্রমণ, নারী কেলেঙ্কারি, ভিসা দিতে হয়রানি, শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে ঘুষ, এমনকি নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর মতো অভিযোগও রয়েছে নিমচন্দ্রের বিরুদ্ধে।
নিমচন্দ্রের এসব কেলেঙ্কারির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গত মে মাসে একটি প্রতিবেদন দেয়। তাতে বলা হয়, নেপালের পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে নিমচন্দ্রকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও ওই প্রতিবেদন দেওয়ার পর পাঁচ মাসেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক নিমচন্দ্র বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালে নেপালের রাষ্ট্রদূত পদে নিয়োগ পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক নীল দলের শিক্ষক হিসেবে তিনি পরিচিত ছিলেন। আওয়ামী লীগের গত সরকার আমলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও নিয়োগ পেয়েছিলেন তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্র বিক্ষোভের সময় তিন জন শিক্ষকের সঙ্গে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৪৩ ঘ.
bdnews24