২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টা: আদালতে জামিননামা দিলেন পুলিশ সদস্য

চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার মামলায় আদালতে জামিননামা জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার মামলায় আদালতে জামিননামা জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। সোমবার বিকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নিজামুল হকের আদালতে তিনি হাইকোর্ট থেকে নেওয়া জামিননামা দাখিল করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিদর্শক মিজানুর হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। তার জামিনের মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হবে।" চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখার সেরেস্তাদার মো. ইউসুফ বলেন, "হাইকোর্ট থেকে নেওয়া জামিননামা দাখিল করতে পরিদর্শক মিজানুর আদালতে আসেন।" গত ১২ জুলাই নগরীর একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার এক ছেলেবন্ধু বিনোদন কেন্দ্র ফয়েস লেকে বেড়াতে গেলে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জোর করে তাদের একটি গাড়িতে তুলে নিয়ে নগরীর চকবাজার এলাকায় 'আল আকাবা' হোটেলে নিয়ে যান। রাতে দুইজনকে দুটি কক্ষে আটকে রেখে মিজানুর ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালান- এ অভিযোগে ছাত্রীটির বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার সময় ওই ছাত্রী হোটেল কক্ষের শৌচাগারে আশ্রয় নেন এবং কাচ দিয়ে নিজের হাত কেটে অজ্ঞান হয়ে পড়েন। পরে দুইজনকে উদ্ধার করা হয়। মিজান ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত)। ঘটনার সময় তিনি চট্টগ্রামে একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচদিনের ছুটিতে এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১১৫ ঘ.