২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার নলডাঙ্গায় রেললাইন তুলেছে জনতা

স্টেশন বন্ধ করে দেওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভাংচুর ও অগ্নিসংযোগের পর রেললাইন তুলে ফেলেছে এলাকার লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টেশন বন্ধ করে দেওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভাংচুর ও অগ্নিসংযোগের পর রেললাইন তুলে ফেলেছে এলাকার লোকজন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ঢাকার সঙ্গে রংপুর বিভাগের রেল যোগাযোগ অচল হয়ে পড়েছে। সোমবার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার জানান, ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর ট্রেন 'রংপুর এক্সপ্রেস'র নলডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে কয়েক হাজার জনতা সন্ধ্যা পৌনে ৬টার দিকে রেল লাইনে অবস্থান নেয়। কিন্তু ট্রেনটি বিরতি না দিয়ে স্টেশন ত্যাগ করলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে স্টেশনের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাংচুর এবং আসবাবপত্র বের করে আগুন দেয়। এক পর্যায়ে তারা রেল লাইন তুলে ফেলে। খবর পেয়ে পুলিশ গেলে তাদের সঙ্গে জনতার ধাওয়া-পাল্টা হয়। এ কারণে গাইবান্ধা স্টেশনে শান্তাহার থেকে লালমনিরহাটগামী ৪৮১ নম্বর লোকাল ট্রেন, সাদুল্লাপুরের কামারপাড়া স্টেশনে দিনাজপুর থেকে শান্তাহারগামী ৭৬৭ নম্বর দোলনচাপা আন্তঃনগর এক্সপ্রেস এবং সুন্দগঞ্জের বামনডাঙ্গা স্টেশনে পঞ্চগড় থেকে শান্তাহারগামী মেইল ট্রেন আটকা পড়েছে। গাইবান্ধা স্টেশনের সহকারী মাস্টার আবুল কাসেম জানান, উদ্বোধনের দিনই যাত্রাবিরতির দাবিতে নলডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন 'রংপুর এক্সপ্রেস' অবরোধ করেছিল এলাকাবাসী। ওই সময় ট্রেনে থাকা যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ওই স্টেশনে যাত্রাবিরতির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। এরপর থেকে ট্রেনটি ওই স্টেশনে নিয়মিত ২ মিনিট যাত্রাবিরতি করতো। কিন্তু গত ২৬ অক্টোবর ওই স্টেশন করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.