২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে চিঠির উত্তরের অপেক্ষা করছি: মুহিত

অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের জটিলতা নিয়ে বিশ্ব ব্যাংককে পাঠানো চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের জটিলতা নিয়ে বিশ্ব ব্যাংককে পাঠানো চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে সরকার। বিশ্ব ব্যাংকের চিঠি পাওয়ার পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি আ্যলেন গোল্ডস্টেইনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহিত বলেন, "বিশ্ব ব্যাংক কান্ট্র্রি ডিরেক্টরকে আমি ডেকেছিলাম। আমার নির্বাচনী এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দুটি প্রকল্প আছে। সে প্রকল্প দুটিতে দ্রুত অর্থ ছাড় করতে আলোচনার জন্যই তাকে ডেকেছিলাম।" "তবে এর ফাঁকে পদ্মা সেতুর বিষয়টিও [আলোচনায়] উঠেছিল" জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আমরা বিশ্ব ব্যাংককে যে চিঠি দিয়েছিলাম তার উত্তর এখনও আসেনি। আমরা ওই চিঠির উত্তরের অপেক্ষায় আছি।" মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংককে পাঠানো চিঠির উত্তর পেলে তিনি সাংবাদিকদের ডেকে জানাবেন। দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার অর্থায়ন স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের অভিযোগ ও অর্থয়ান স্থগিতের প্রেক্ষিতে গত ২০ অক্টোবর এক প্রেসনোটে সরকার দুর্নীতি তদন্তে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়ে বলে, প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগের দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংককে চিঠি দেওয়ার পর সরকার আনুষ্ঠানিক বক্তব্য দেবে। সোমবার বৈঠকের পর অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, "পদ্মা সেতু নিয়ে সরকার যে চিঠি পাঠিয়েছে তার উত্তর এখনও বাংলাদেশে আসেনি। মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পুষ্টি খাতের দুটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।" এ সময় গোল্ডস্টেইনকে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন করা হলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান 'দেশের ভালোর জন্যই পদ্মা সেতু নিয়ে কথা না বলাই ভালো' বলে মন্তব্য করেন। এ মন্তব্য করে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধিকে নিয়ে লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান অতিরিক্ত সচিব। সচিবালয়ে সাত নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক হয়। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদের সঙ্গে বৈঠকের আগে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার সুরাহা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এ প্রকল্পে বিশ্ব ব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮১৭ ঘ.