২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরা হলো না শিশু কাইয়ুমের

বাবার সঙ্গে ডাক্তার দেখাতে এসেছিলো শিশু কাইয়ুম। ডাক্তার দেখানো হয়েছে, নেওয়া হয়েছে ব্যবস্থাপত্রও। তবে তার আর ফেরা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার সঙ্গে ডাক্তার দেখাতে এসেছিলো শিশু কাইয়ুম। ডাক্তার দেখানো হয়েছে, নেওয়া হয়েছে ব্যবস্থাপত্রও। তবে তার আর ফেরা হয়নি। রোববার বিকালে রাস্তা পারাপারের সময় নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়কে টেম্পো চাপায় নিহত হয়েছে মোহাম্মদ কাইয়ুম উদ্দিন মনসুর (৮) নামে ওই শিশু। আহত হয়েছেন তার বাবা মোশতাক আলী। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার উষকাইন গ্রামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চমেক হাসপাতালে ডাক্তার দেখিয়ে তারা জাকির হোসেন সড়কে মোশতাক আলীর বোনের বাসায় যাচ্ছিলো। নাসিরাবাদ মহিলা কলেজের একটু পশ্চিমে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী টেম্পো তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় কাইয়ুমকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোশতাক আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই টেম্পো চালক ও হেলপার পালিয়ে গেছেন। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, টেম্পোটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২২১৩ ঘ.