২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ হত্যার অভিযোগ

স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় বরগুনার আমতলী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

বরগুনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় বরগুনার আমতলী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই সমীর চন্দ্র হাওলাদার রোববার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন। থানায় হত্যা মামলা দায়ের না করায় আমতলী থানার এক উপ-পরিদর্শককেও (এসআই) এই মামলায় আসামি করা হয়েছে। আসামিরা হলেন নিহত স্মৃতি রানীর (৩০) স্বামী মাখন চন্দ্র হাওলাদার, মাখনের ভাবী পলাশী রানী, বিকেন্দ্র চন্দ্র হাওলাদার, শিপন চন্দ্র, হিমাংসু, সঞ্জয় হাওলাদার ও আমতলী থানার উপ-পরিদর্শক শেখ বেল¬াল হোসেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামে স্মৃতি রানীকে (৩০) তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতের চিহ্নের কথা বলা হলেও পুলিশ হত্যা মামলা করেনি বলে মামলায় অভিযোগ করা হয়। বাদী সমীর চন্দ্র বলেন, চার বছর আগে আমতলীর হরিমৃত্যুঞ্জয় গ্রামের মাখন চন্দ্র হাওলাদারের (৫০) সঙ্গে সদর উপজেলার নাপিতখালী গ্রামের ঠাকুর চাঁদ হাওলাদারের মেয়ে স্মৃতি রানীর বিয়ে হয়। তাদের ১৫ মাস বয়সী একটি ছেলে আছে। তিনি বলেন, স্মৃতিকে বিয়ের আগে মাখন চন্দ্র আরেকটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রীও খুন হন। তিনি অভিযোগ করেন, স্মৃতির স্বামী মাখন চন্দ্রের সঙ্গে তার ভাইয়ের স্ত্রীর অনৈতিক সম্পর্ক চলছে। এতে বাধা দেওয়ায় স্মৃতিকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ বেল¬াল হোসেন একটি অপমৃত্যু মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৯০০ ঘ.