জয়পুরহাট, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলার বামনগ্রামে রোববার ধান কাটা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।
আহতদের জয়পুরহাট ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, গ্রামের মাসুদুর রহমান একই গ্রামের বাবলু প্রামাণিকের দাদার কাছ থেকে জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।
সকাল সাড়ে ১১টার দিকে ওই জমিতে মাসুদুর রহমান লোকজন নিয়ে ধান কাটতে গেলে বাবলু প্রামাণিক দলবল নিয়ে হামলা করেন।
এতে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লোহার ফালা, বল্লম, রড ও লাঠিসোটা ব্যবহার করে।
গুরুতর আহত মাসুদুর রহমান, শাহজাহান আলী, রেজোয়ান আহম্মেদ ও গোলাম রব্বানীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দুলাল ও হাসানকে জয়পুরহাট ও কালাই হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে লোহার বল্লম, ফালা ও বেশকিছু লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24