নড়াইল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে গোপালপুর গ্রামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত ওবায়দুর রহমান মোল্যা (৩৫) ওই গ্রামের ইশারত মোল্যার ছেলে। অবশ্য পুলিশ বলছে, ওবায়দুর এলাকায় 'ডাকাত' হিসেবে পরিচিত।
নিহতের বড় ভাই খাজা মিয়া মোল্যা বিডি নিউজকে বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে জেলার কালিয়া উপজেলার নড়াগাতি এলাকার লাকিসহ তিন জন আমাদের বাড়িতে এসে ওবায়দুরকে সঙ্গে করে নিয়ে যায়। তারা নড়াইল-কালিয়া সড়কের রায়খালী মাথাভাঙ্গা ব্রিজের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর ওবায়দুরকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক(এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওবায়দুর এলাকায় ডাকাত হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মাগুরায় একটি হত্যা মামলা এবং নড়াইল থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
ওবায়দুরের ডাকাত দলের লোকজন তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/১৭১৮ ঘ.
bdnews24