ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারপিক খাইয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা ও আট মাস বয়সী সন্তানকে আটকে রাখার অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে।
ঢাকার দোহারের বাসিন্দা শামসুল হুদা সুমন নামের ওই ব্যক্তির স্ত্রী চৈতী হায়দার কনক বুধবার ঢাকা জেলার নির্বাহী হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
হাকিম শহীদুল হোসেন আগামী ১৪ নভেম্বরের মধ্যে এই দম্পতির ছেলে মাহাদীকে আদালতে হাজির করতে দোহার থানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে কনক বলেন, ২০০৯ সালে তিনি যখন অষ্টম শ্রেণীর ছাত্রী, তখন তাকে অপহরণ করে বিয়ে করেন সুমন। সামাজিক সম্মানের কথা বিবেচনা করে কনকের পরিবার ওই বিয়ে মেনে নিলেও কিছুদিনের মধ্যেই তার ওপর নির্যাতন শুরু করে সুমন ও তার পরিবার। গত ১২ সেপ্টেম্বর তাকে জোর করে হারপিক খাইয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর আট মাসের ছেলে মাহাদীকে আটকে রেখে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।
মামলায় কনক বলেন, গত ২৭ সেপ্টেম্বরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তা এখনো কার্যকর হয়নি।
এ মামলায় সুমন ছাড়াও তার বাবা মো. মহিউদ্দিন মোল্লা, মা সুরাইয়া সুলতানা , বোন মাহমুদা সুলতানা রুবিনাকে আসামি করেছেন কনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১১৩৮ ঘ.
bdnews24