চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের এক ওয়ার্ড কাউন্সিলর জামিন পেয়েছেন।
শুক্রবার আদালতে হাজির করার শর্তে কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীকে এক প্যানেল মেয়রের জিম্মায় জামিন দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বায়েজীদ থানার ওসি (তদন্ত) নূর নবী।
মুন্নী ও তার স্বামী আব্দুল কাইয়ুমকে রাত সোয়া ১১টায় জামিন দেওয়া হয়।
তাদের জামিন নেন প্যানেল মেয়র এবং ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
সরকারি জমির দখল নিতে চট্টগ্রাম জেলা পরিষদকে বাধা দেওয়ার পর পরিষদের করা মামলার প্রেক্ষিতে মুন্নী ও তার স্বামীসহ ১৯ জনকে বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার প্রসঙ্গে হাসনী বলেন, "এটা ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ কমিশনার, মন্ত্রী ও জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের জামিন নিয়েছি।"
সংঘর্ষের বিষয়টি নিয়ে তারা শুক্রবার আলোচনায় বসবেন বলে জানান হাসনী।
সকাল ১২টার দিকে জেলা পরিষদের কর্মচারীরা ও নগরীর বায়েজীদ থানার পুলিশ নগরীর অক্সিজেন মোড়ে জেলা পরিষদের মালিকানধীন জমি দখল নিতে যায়। এ সময় মুন্নীর কর্মী সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ, তিন শ্রমিক ও মুন্নীর দুই সমর্থক আহত হয়। সংঘর্ষের সময় প্রায় ঘণ্টাখানেক হাটহাজারী সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
চলতি বছরের শুরুর দিকে জেলা পরিষদ নগরীর অক্সিজেন মোড়ে মার্কেট নির্মাণের উদ্যোগ নিলে কাউন্সিলর মুন্নী তাতে বাধা দেন। পরে তিনি মার্কেট নির্মাণে স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে আদালত ওই আবেদন বাতিল করে দিলে জেলা পরিষদ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জমিটির দখল নিতে যায়।
কাউন্সিলর মুন্নী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে গত বছর সিসিসি নির্বাচনের আগে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24