ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুর রাজ্জাকের খোঁজ না নেওয়ায় সেখানে দায়িত্বরত বাংলাদেশি কূটনীতিকদের সমালোচনা হয়েছে সংসদে।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় সাংসদরা হাইকমিশনারসহ যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের অন্য কর্মকর্তাদের সমালোচনা করেন।
"আব্দুর রাজ্জাক লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।" জানিয়ে আওয়ামী লীগ সাংসদ তোফায়েল আহমদ বলেন, "৫ সপ্তাহ পর তার কিডনি ও লিভার ট্রান্সপ্লান্ট করা হবে। কিন্তু, দূতাবাসের কেউ তার খবর নিতে আসেনি।"
আব্দুর রাজ্জাক গত আওয়ামী লীগ সরকারের আমলে পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের চলতি মেয়াদে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
লন্ডনে বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তোফায়েল বলেন, "আমি লন্ডনে হাইকমিশনারকে জিজ্ঞ্যেস করেছিলাম, তিনি আব্দুর রাজ্জাককে দেখতে গিয়েছিলেন কি না। তিনি বললেন, 'না।' তারা মন্ত্রীদের বিমানবন্দরে স্বাগত জানাতেই ব্যস্ত সময় পার করেন।"
"অনেক দূতাবাসে যারা পেশাদার কূটনৈতিক তারা যথাযথভাবে কাজ করেন।"
বিদেশে বাংলাদেশ মিশনে যেসব কূটনীতিক 'রাজনৈতিকভাবে' নিয়োগ পান তারা 'সেভাবে' দায়িত্ব পালন করেন না মন্তব্য করে তিনি বলেন, "কারণ তাদের খুঁটি অনেক শক্ত।"
সাংসদরা বিভিন্ন দেশে সরকারি অনুষ্ঠানে গেলেও দূতাবাস থেকে কোনো ধরনের সাহায্য না পাওয়ার অভিযোগ এনে তোফায়েল বলেন, "আমি সিপিএ সম্মেলনে গিয়েছিলাম, কোনো সম্মেলনে হাইকমিশনারকে দেখিনি।"
তোফায়েল বাষ্পরুদ্ধ কন্ঠে বলেন, "রাজ্জাক ভাই আমাকে বলেছেন, 'তুমি স্পিকারের মাধ্যমে সংসদ সদস্যদের বলো আমার জন্য দোয়া করতে'। তার খুব করুণ অবস্থা।"
শেখ ফজলুল করিম সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "দূতাবাসের একজন পিওন পর্যন্ত আব্দুর রাজ্জাককে দেখতে যাননি। এটি জাতির জন্য লজ্জার। আমাদের অনেক নেতা সেখানে গিয়েছেন। তারাও রাজ্জাক ভাইকে দেখতে যায়নি।"
সেলিম আরো বলেন, "যেখানে প্রধানমন্ত্রী আব্দুর রাজ্জাকের খোঁজ নিয়েছেন। সেখানে কোন ধরনের মানসিকতা যে নেতারা গিয়েও দেখা করেন না?"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "যারা আমাদের জাতীয় পতাকা বহন করেন, তারা যেন মনে করেন মন্ত্রীদের সালাম দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। তারা যেন মনে করেন এই দেশের জনগণের করের টাকায় তাদের ভরণ পোষণ করেছেন।"
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু বলেন, "তাকে (আব্দুর রাজ্জাক) হাইকমিশনার চিনবেন না- এমন ধৃষ্টতা যেন আর দেখানো না হয়।"
চিফ হুইপ আব্দুস শহীদও বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩০২ ঘ.
bdnews24