২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ গ্রেপ্তার ১৯

সরকারি জমির দখল নিতে চট্টগ্রাম জেলা পরিষদকে বাধা দেওয়ায় এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জমির দখল নিতে চট্টগ্রাম জেলা পরিষদকে বাধা দেওয়ায় এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সবুজ বড়–য়া বায়েজীদ থানায় বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি মামলা করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীর স্বামী আবদুল কাইয়ুমও রয়েছেন। বায়েজীদ থানার সেকেন্ড অফিসার মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার পর কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী ও তার ১৮ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়।" চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। মামলায় মুন্নীসহ অজ্ঞাতানামাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। সকাল ১২টার দিকে জেলা পরিষদের কর্মচারীরা ও নগরীর বায়েজীদ থানা পুলিশ নগরীর অক্সিজেন মোড়ে জেলা পরিষদের মালিকানধীন জমি দখল নিতে যায়। এ সময় মুন্নীর কর্মী সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ, তিন শ্রমিক ও মুন্নীর দুই সমর্থক আহত হয়। সংঘর্ষের সময় প্রায় ঘণ্টাখানেক হাটহাজারী সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। সংঘর্ষের পর বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম জেলা পরিষদ নগরীর অক্সিজের মোড়ে মার্কেট নির্মাণের কাজ করতে গেলে কাউন্সিলরের সমর্থকরা কাজে বাধা দেয়।" "জেলা পরিষদ সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় কাউন্সিলরের লোকজন পুলিশ ও জেলা পরিষদের শ্রমিকদের ওপর হামলা চালায়।" এসআই জহির জানান, এতে বায়েজিদ থানার উপ-পরিদর্শক মো. শরিফ, একজন কনস্টেবল ও জেলা পরিষদের তিনজন শ্রমিক আহত হন। কাউন্সিলর মুন্নি তার ওপর সন্ত্রাস লেলিয়ে দেওয়ার অভিযোগ এনে পুলিশের ওপর হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা পরিষদ নালার ওপর মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী বাধা দিয়েছে। এ সময় দুই জন এলাকাবাসী আহত হয়েছেন।" ওই জমিতে চলমান মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে নালা উদ্ধারের দাবি জানান কাউন্সিলর মুন্নী। চলতি বছরের শুরুর দিকে জেলা পরিষদ ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিলে কাউন্সিলর মুন্নী তাতে বাধা দেন। পরে তিনি মার্কেট নির্মাণে স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন। পুলিশ জানায়, কিছুদিন আগে আদালত ওই আবেদন বাতিল করে দিলে জেলা পরিষদ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জমিটির দখল নিতে যায়। সংঘর্ষের সময় সৃষ্ট দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন উত্তর চট্টগ্রামমুখী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কাউন্সিলর মুন্নী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে গত বছর সিসিসি নির্বাচনের আগে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। গত ৫ জানুয়ারি ওয়ার্ড কাউন্সিলর মুন্নী ও তার অনুসারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমসি/পিডি/২১৪৬ ঘ.