২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদ্মা জটিলতার সমাধান প্রধানমন্ত্রী ফেরার পরই'

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া থেকে ফেরার পরপরই পদ্মা সেতু জটিলতার অবসান হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এম এন প্রসাদের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া থেকে ফেরার পরপরই পদ্মা সেতু জটিলতার অবসান হবে। বৃহস্পতিবার রাতে সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মুহিত। তবে প্রসাদের এই সফর পদ্মা সেতু নিয়ে নয় বলে জানান তিনি, যদিও পদ্মা সেতু নিয়ে জটিলতার মধ্যেই আকস্মিক সফরে আসেন বিশ্বব্যাংক কর্মকর্তা। 'দুর্নীতি'র অভিযোগে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করার পর অর্থমন্ত্রী মুহিত বার বার বলে আসছেন, খুব শিগগিরই সৃষ্ট জটিলতার সমাধান হয়ে যাবে। সর্বশেষ গত রোববার তিনি সাংবাদিকদের বলেন, আশা করছি, জানুয়ারি মাসের মধ্যেই বিষয়টির সুরাহা হবে। মুহিত বৃহস্পতিবার বলেন, "পদ্মা সেতু আমাদের নির্বাচনী প্রতিশ্র"তির অন্যতম। একে আমরা অগ্রাধিকার দিচ্ছি। যে সমস্যা দেখা দিয়েছে, তার সমাধান প্রধানমন্ত্রী দেশে ফেরার পরপরই হবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া থেকে আগামী রোববার দেশে ফিরছেন। তিনি বুধবার সংসদে দেওয়া বক্তব্যেও পদ্মা সেতু নির্মাণে জটিলতার আশু অবসানের কথা বলেছেন। জটিলতা কাটিয়ে এ বছরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। সোনারগাঁও হোটেলের সুরমা হলে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান প্রসাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। রাত পৌনে ৮টার দিকে অর্থমন্ত্রী হোটেলে ঢোকেন। এ সময় কয়েকজন সাংবাদিক হোটেলের লবিতে ছিলেন। অর্থমন্ত্রী সুরমা হলে ঢোকার কিছুক্ষণ পর অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের পাশের কক্ষে যেতে বলেন। ওই রুমে ঢুকে দেখা যায়, অর্থমন্ত্রী ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ অপেক্ষা করছেন। সাংবাদিকরা রুমে ঢোকার পর অর্থমন্ত্রী বলেন, "আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছি। আসলে আপনারা যা ভাবছেন তা নয়, বিশ্বব্যাংক নির্বাহী পরিচালকের ঢাকা সফর নিছকই সৌজন্য সফর। পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য তিনি আসেননি।" "তবে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, সে বিষয়টি আলোাচনায় আসতে পারে," যোগ করেন তিনি। এম এন প্রসাদ নতুন দায়িত্ব নেওয়ার পর এ সফরে এলেন জানিয়ে মুহিত বলেন, শুক্রবার সকালেই তিনি চলে যাবেন। অর্থমন্ত্রী বলেন, "আমি বার বার বলেছি, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত সাময়িক ব্যাপার। এর আগেও বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্পে তাদের অর্থায়ন স্থগিত করেছিল। পরে আবার অর্থায়ন করেছে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টেও এ ঘটনা ঘটেছে।" পদ্মা সেতুর টাকা সরকার 'খেয়ে ফেলেছে' বলে বিরোধীদলীয় নেতার অভিযোগের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, "সেতুর নির্মাণ কাজই শুরু হলো না, আমরা সব টাকা খেয়ে ফেললাম কী করে? বিরোধীদলীয় নেত্রী এ ধরনের অভিযোগ কী বুঝে করেন, তা আমার কাছে বোধগম্য নয়।" ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৫০ ঘ.