২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ায় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী এবং বন্দরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামে পৃথক দুটি মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ায় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী এবং বন্দরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামে পৃথক দুটি মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইকবাল হোসেন বাদি হয়ে মামলা দুটি করেন। চট্টগ্রাম কাস্টমসের সাবেক অ্যাপ্রাইজার আবদুল গোফরান ভূঁইয়া (যিনি বর্তমানে মুন্সীগঞ্জে কর্মরত) এবং তার স্ত্রী সাহেনা আক্তার এবং চট্টগ্রাম বন্দরের অধীন ডক শ্রমিক পরিচালনা বোর্ডের (বিলুপ্ত) অবসরপ্রাপ্ত ফাইন্যান্স ও অ্যাকাউন্টস অফিসার আনিসুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা দুটি করা হয়। দুদক কর্মকর্তা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করায় মামলা দুটি করা হয়েছে। তিনি জানান, কাস্টমস কর্মকর্তা আবদুল গোফরান ভুঁইয়া ও তার স্ত্রী ৮৫ লাখ ৫৫ হাজার ৪৬৩ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন এবং তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি পাওয়া গেছে ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৬৯৫ টাকার। ডক শ্রমিক পরিচালনা বোর্ডের সাবেক অফিসার আনিসুর রহমান ৬৪ লাখ ২৮ হাজার ৩৮০ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন এবং তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে ৪৩ লাখ ৫৮ হাজার ৭৫৯ টাকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৪২ ঘ.